বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ক্যান্টিন কর্মীকে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ক্যান্টিন কর্মীকে নির্যাতনের অভিযোগ
ছবিঃ প্রতিনিধি

চট্টগ্রামের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক ক্যান্টিন কর্মীর স্পর্শকাতর অঙ্গে আঘাত করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভুক্তভোগী কর্মী।

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. জাস্টিন ক্লাম্প। তিনি এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন। ভুক্তভোগী ক্যান্টিন কর্মীর নাম মো. কাইয়ুম (৩১)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত প্রতিষ্ঠানের ক্যান্টিন থেকে সিঙ্গারা খেয়ে থাকেন। গত মঙ্গলবার দুপুরে ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্যান্টিন কর্মী কাইয়ুমকে দ্রুত তাঁর কাছে যেতে বলেন। কাইয়ুম সামনে গেলে নারী কর্মীদের উপস্থিতিতে চিকিৎসক তাঁর প্যান্টের জিপার খুলে অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য তাঁকে আবার এপিক হেলথ কেয়ারে আনা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. জাস্টিন ক্লাম্প তা অস্বীকার করেন। তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই।” পরে তিনি এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী কর্মীদের সামনেই কাইয়ুমের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। একজন চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও জানান, কাইয়ুমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও ঘটনাটি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। নারী কর্মীদের সামনে এমন পরিস্থিতির শিকার হওয়ায় তিনি অপদস্থ বোধ করছেন।

ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত চিকিৎসক এপিক হেলথ কেয়ারের বেতনভুক্ত কর্মচারী নন। তবে এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।ৃ

সর্বশেষ

জনপ্রিয়