যশোরে জমিজমার বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার ১১ অক্টোবর দুপুরের দিকে মুনসেফপুর ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ (৩৮) জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আবু তালেবকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
এ সময় তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল। তাঁরা দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।



























