আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভের অধিকাংশ অংশের পাশাপাশি মুগ্ধর নামও কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্থানীয়দের বিষয়টি নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।
এর আগে গত বছরের ২৫ নভেম্বরও একই স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল। একই স্থানে আবারও এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মীর মুগ্ধ। এ সময় তিনি ‘পানি লাগবে কারও, পানি?’ বলে আন্দোলনকারীদের পানি দিচ্ছিলেন। তাঁর সেই আহ্বানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই দিন বিকেলেই পানি বিতরণের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া মীর মুগ্ধ বেড়ে ওঠেন রাজধানীর উত্তরায়। তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত ছিলেন।



























