বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ১২ নভেম্বর ২০২৬

বিরল সীমান্তে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

বিরল সীমান্তে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
ছবিঃ বিজিবি

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ টাকা সিজারমূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। মাদক উদ্ধার ছাড়াও পাচারচক্রের সদস্যদের শনাক্ত করা বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়