প্রকৃত গণতন্ত্রেই সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
প্রকৃত গণতন্ত্র ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত হয়। সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছিল। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দেশের মানুষ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের মুখে স্বৈরশাসনের অবসান ঘটে।
তিনি বলেন, সাধারণ মানুষের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে। রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় প্রতিজ্ঞা থাকলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব। আমলারা রাজনৈতিক নেতৃত্বের অধীনেই কাজ করেন।
স্পিকার আরও বলেন, দুর্নীতি নির্মূল করা গেলে সমাজের সর্বস্তরে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এবারের সংসদে নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগের তুলনায় তাঁরা অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।



























