বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ১২ নভেম্বর ২০২৬

পেট্রোল বোমা হামলার দাবি নুসরাতের, আলামত পায়নি পুলিশ

পেট্রোল বোমা হামলার দাবি নুসরাতের, আলামত পায়নি পুলিশ
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পায়নি পুলিশ। আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।

ওসি জানান, রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম তাঁকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এদিকে, বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি। ওসি মোহাম্মদ খালেদুর রহমান জানান, পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সাধারণত কাচের বোতল বা এ ধরনের কিছু আলামত পাওয়া যায়। কিন্তু ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ করছে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো চূড়ান্ত মতামত দেয়নি।

সর্বশেষ

জনপ্রিয়