বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির একটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে জড়ো হন। একপর্যায়ে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরসহ কয়েক দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সেখান থেকে সরে যান তারা। শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আকস্মিকভাবে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা বেরিয়ে সড়কে অবস্থান নেন। বর্তমানে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়