জামালগঞ্জে নৌপথে টোল আদায়ে অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর নৌপথে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশে টোলের হার কমিয়ে প্রতি বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণের পর ইজারাদাররা টোল আদায় বন্ধ রেখেছেন। তবে অভিযোগ রয়েছে, ইজারাদাররা ঘাটে না গেলেও বিভিন্ন চুনাপাথর ক্রাশার মিলের ম্যানেজাররা নৌযান থেকে টোলের টাকা আদায় করে নিজেদের কাছে জমা রাখছেন। এসব টাকা আদায়ের বিপরীতে দেওয়া হচ্ছে না কোনো রসিদ।
জানা গেছে, উপজেলার সাচনা বাজার থেকে মান্নান ঘাট এবং সেখান থেকে গজারিয়া পর্যন্ত নৌপথের দুই অংশের টোল আদায়ের বৈধ ইজারা নেন ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান। ইজারার চুক্তি অনুযায়ী, নদীর পাড় থেকে নৌযানে চুনাপাথর লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি টনে ৭০ টাকা হারে টোল আদায়ের কথা রয়েছে বলে দাবি ইজারাদারদের।
তবে চুনাপাথর টনে নয় ঘন ফুটে টোল আদায়ের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন লালপুরের মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন সরেজমিন জামালগঞ্জ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারদের প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়।
তবে চুক্তিতে প্রতি টনে ৭০ টাকা টোলের কথা উল্লেখ থাকায় প্রশাসনের এ নির্দেশনায় সন্তুষ্ট নন ইজারাদাররা। ফলে নির্দেশনার পর থেকে তারা ঘাটে গিয়ে টোল আদায় বন্ধ রেখেছেন।
এদিকে সাচনা বাজার থেকে মান্নানঘাট, লালপুর ও গজারিয়া পর্যন্ত এলাকায় শতাধিক চুনাপাথর ক্রাশার মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন স্টিলবডি নৌযানে করে দেশের বিভিন্ন স্থানে পাথর পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, মিল থেকে পাথর কেনার পর নৌযানের সংশ্লিষ্টরা পাথরের বিলের সঙ্গে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে মিলের ম্যানেজারদের কাছে জমা দিচ্ছেন। কিন্তু ইজারাদাররা টোল আদায়ে না যাওয়ায় এসব টাকা তাদের হাতে পৌঁছাচ্ছে না; বরং মিলের ম্যানেজারদের কাছেই জমা থাকছে।
সরেজমিনে অনুসন্ধানে একাধিক নৌযানের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে ইজারাদাররা ঘাটে গিয়ে টোল আদায় করতেন। এখন তারা না আসায় নৌযান থেকে নির্ধারিত হারে টাকা নিয়ে মিলের ম্যানেজারদের কাছে জমা দেওয়া হচ্ছে। এ বিষয়ে টোল আদায়ের রসিদ চাইলে তারা বলেন, রসিদ ছাড়াই আমরা যেতে পারি।
এমভি তমির উদ্দিন আওলিয়ার সুকানি আবু জাফর বলেন, “আমাদের জাহাজে প্রায় সাড়ে ১১ হাজার বর্গফুট পাথর পরিবহন করা যায়। এর আগে সোনাপুরের ফরিদ হাজির মিল থেকে দুই ট্রিপ পাথর নিয়েছি। বিআইডব্লিউটিএর কোনো ইজারাদারকে ঘাটে না পেয়ে ওই দুই ট্রিপের টোলের টাকা মিল কর্তৃপক্ষের কাছে পরিশোধ করেছি। বর্তমানে লাল ভাইয়ের মিল থেকে পাথর নিচ্ছি। এ ট্রিপের পাথরের বিলের সঙ্গে টোলের টাকাও আমাদের মালিক পরিশোধ করবেন। তবে টাকা জমা রাখলেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌপরিবহন কর্মী বলেন, “আমরা কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের মিল থেকে ৯ হাজার ৭০০ বর্গফুট পাথর নিয়েছি। প্রতি বর্গফুটে ৫০ পয়সা হিসাবে টোলের টাকা তাকে দিয়ে এসেছি; কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি।”
অন্যদিকে ফরিদ হাজির মিলের ম্যানেজার রায়হান আহমদ টোলের টাকা আদায়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, “বিআইডব্লিউটিএর কোনো ইজারাদার টোল আদায়ের জন্য ঘাটে আসছেন না। তাই আমাদের মিল থেকে যত নৌযানে পাথর বিক্রি হচ্ছে, সেসব নৌযানের কাছ থেকে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে আদায় করে নিজেদের কাছে জমা রাখছি। ইজারাদাররা যেকোনো সময় টোল আদায়ের জন্য এলে সংগৃহীত পুরো টাকা তাদের বুঝিয়ে দেওয়া হবে।”
অন্যদিকে কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টোলের কোনো টাকা আদায় বা জমা রাখার কথা অস্বীকার করেন।
ইজারাদার ওয়াহেদ আলী বলেন, “ইজারার চুক্তিনামায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি টন পাথরের বিপরীতে ৭০ টাকা করে টোল আদায়ের নির্দেশনা রয়েছে। কিন্তু মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা সরেজমিন এসে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের মৌখিক নির্দেশনা দেন। চুক্তিতে উল্লেখিত হারের তুলনায় এ নির্দেশনায় আমরা সন্তুষ্ট নই। তাই আপাতত টোল আদায় বন্ধ রেখেছি। বিষয়টি লিখিতভাবে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়কে জানিয়েছি। বর্তমানে পাথর বিক্রেতা সংশ্লিষ্ট মিলের ম্যানেজাররা প্রতিটি নৌযান থেকে টোলের টাকা আদায় করছেন।”
আরেক ইজারাদার জিয়াউর রহমান বলেন, “আমরা টোলের টাকা আদায় করছি না। বিআইডব্লিউটিএর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে টোলের টাকা মিলের ম্যানেজাররা আদায় করছেন।”
ইজারাদাররা টোল আদায় বন্ধ রাখলেও নৌযান থেকে টাকা আদায়ের অভিযোগ এবং রসিদ না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুক্তিবদ্ধ ইজারাদারদের বাইরে অন্যরা কোন কর্তৃত্বে টোলের টাকা আদায় করছেন এবং আদায় করা অর্থ কোথায় জমা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























