শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্টরা শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন চায়নি: সংস্কৃতিমন্ত্রী

ফ্যাসিস্টরা শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন চায়নি: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্টরা শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন চায়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুরে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তাঁর ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

তিনি বলেন, বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যকর্ম ও অবদানকে গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

সেমিনারে সংস্কৃতিমন্ত্রী বলেন, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রকে সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। সেখানে গান-বাজনা, পাঠাগার ও পড়াশোনার সুযোগসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটবে এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত হবে।

তিনি আরও বলেন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য তাঁর সঙ্গে কথা বলেছেন এবং ডিও লেটার দিয়েছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। যেহেতু এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই সংস্কৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কলেজটি সরকারি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র।

স্মৃতিকেন্দ্রে তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন এবং ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। সাহিত্যিক মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক মোট ৩৭টি বই রচনা করেছেন। তাঁর রচিত কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি।

জনপ্রিয়