জলবায়ু অভিযোজনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান: খলিলুর রহমান
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
তিনি বলেন, বিশেষ করে যেসব দেশের দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা সীমিত, সেসব দেশে জলবায়ু অভিযোজন কার্যক্রমে অধিক বিনিয়োগ প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
ড. খলিলুর রহমান লেখেন, বিশ্বের কোটি কোটি মানুষের বসবাসের জায়গা, জীবিকা ও জীবনযাত্রায় এরই মধ্যে জলবায়ু সংকটের প্রভাব পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় জনপদকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহ, বন্যা ও খরা মানুষের জীবন, অবকাঠামো ও জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে জলবায়ু অভিযোজন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও দুর্যোগ প্রস্তুতিতে আরও বেশি বিনিয়োগের পক্ষে তিনি কাজ করছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
খলিলুর রহমান লেখেন, জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, অর্থায়ন ও বিশেষজ্ঞ সহায়তা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, জলবায়ু কার্যক্রমের সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হওয়া উচিত কত মানুষের জীবন এবং কতটুকু প্রতিবেশব্যবস্থা সুরক্ষিত করা যাচ্ছে, তার ভিত্তিতে।



























