আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ
অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ায় গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় দেশে ফেরা প্রত্যেককে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।
তিনি বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে এত দিন বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। তবে চলতি বছর একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
শরিফুল হাসান আরও জানান, অনিয়মিত অভিবাসনের বিষয়ে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।
তাঁর ভাষ্য, ইউরোপে যাওয়ার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও অনেকে শেষ পর্যন্ত কোনো সুফল পাচ্ছেন না। তাই ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার ভুল ধারণা থেকে বেরিয়ে এসে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে অভিবাসনের পরামর্শ দেন তিনি।
এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানায় ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এ চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।



























