ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ সারি তৈরি হয়, যা একপর্যায়ে গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচল ব্যাহত হতে থাকে। পরে যানবাহনের চাপ বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলছে।
যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা লেগেছে।
একই ভোগান্তির কথা জানিয়ে বাসচালক আলী আকবর বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে আটকে পড়েন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে তার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
এক বাসযাত্রী বলেন, ঢাকায় চাকরি করার সুবাদে সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। এ ছাড়া পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সেটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।



























