গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ : সিএমপি কমিশনার
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তা তার ব্যক্তিগত দায়। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মো. শওকত আলী জানান, এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। পুলিশ বাহিনী কখনোই ব্যক্তির এমন কর্মকাণ্ডের দায় নেবে না।
সিএমপি কমিশনার আরও জানান, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলমকে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রাখা হয়েছে। মামলাটির তদন্তও করবে এই ইউনিট। আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলার পর থেকে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়। পরে শনিবার রাতেই নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।



























