চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন জেলা প্রশাসক আলমগীর কবীর
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে। অন্যদিকে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় এ প্রত্যাহারের আদেশ এল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।
একই দিনের আলোচনা সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্যের একটি ৪৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে জেলা প্রশাসককে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়া, ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করা এবং ৩ থেকে ৬ নভেম্বর দেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে শোনা যায়।
তার বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে চুয়াডাঙ্গার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের একাংশ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসকের এমন বক্তব্য অনভিপ্রেত।
তবে জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপনে ৭ নভেম্বরের অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের সঙ্গে বদলির কোনো আনুষ্ঠানিক যোগসূত্র উল্লেখ করা হয়নি।
এদিকে, একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



























