সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার
ছবিঃ সংগৃহীত

সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, নানা কৌশলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের বেশির ভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে তারা আবারও অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে।

প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সীমান্তে দিন-রাত টহল বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।

তিনি জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে বাহিনীটি। এসব কার্যক্রমে স্থানীয় জনগণ সহযোগিতা করেছেন। এবারও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ও বিরোধী দলের নেতা-কর্মীরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়