বোদায় চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তির মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক ওরফে বিসারু (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদুর প্রধানপাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উৎকুড়া লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে গরু চুরির চেষ্টা করেন নাজমুল ও তাঁর এক সহযোগী। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে নাজমুলকে আটক করেন। তবে তাঁর সহযোগী পালিয়ে যান।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নাজমুল চুরির উদ্দেশ্যে সেখানে যাওয়ার কথা স্বীকার করেন এবং তাঁর সহযোগীর নাম আশরাফ বলে জানান। পুলিশ জানিয়েছে, এ সময় তাঁর কাছ থেকে সিঁদ কাটার সরঞ্জাম এবং একটি স্বর্ণের গলার চেইন ও দুটি কানের দুল উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার তদন্ত কর্মকর্তা মো. রেজওয়ানুল হক জানান, রাতে চুরির সময় স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের গলার চেইন ও দুটি কানের দুল পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



























