“প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু বলেন, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার লালমনিরহাট কালেক্টরেট মাঠের চলমান কাজ ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লালমনিরহাটে আসলেও এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, যা এই জেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি। সফরের রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী লালমনিরহাটে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কার্যক্রম, খালখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর সামাজিক স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়। তিনি বলেন, এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রশাসনিক ও স্থানীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটবাসীর পক্ষ থেকে একটি সুশৃঙ্খল ও সফল অনুষ্ঠান উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।



























