পঞ্চগড়ে সিয়ামের খোঁজে অশ্রুসিক্ত মা-বাবা, উত্তাল বোদার রাজপথ
একটি সন্তানের অপেক্ষায় কতটা দীর্ঘ হতে পারে একটি রাত, কতটা ভারী হতে পারে একটি দিন, কতটা অসহায় হয়ে উঠতে পারে একজন মা-বাবার জীবন, তা যেন আজ চোখের সামনে দেখছে পঞ্চগড়ের বোদাবাসী। যে সন্তানকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন, যে সন্তানকে ঘরে ফেরার অপেক্ষায় প্রতিটি বিকেল গুনতেন মা-বাবা, সেই ১৪ বছরের শেখ সিয়াম আজ কোথায়? কেমন আছে? কে জানে তার খবর? এমন অসংখ্য প্রশ্নে ভারী হয়ে উঠেছে একটি পরিবারের আকাশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পঞ্চগড়ের বোদা বাসস্ট্যান্ডের শহীদ মিনারসংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সিয়ামকে ফিরে পাওয়ার আকুলতায় এবার রাজপথে নেমেছেন তার সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয় এলাকাবাসী। সন্তানের সন্ধান চেয়ে মা-বাবার অশ্রুসিক্ত আবেদন আর শিক্ষার্থীদের বুকফাটা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে বোদা।
নিখোঁজ শেখ সিয়ামের বয়স ১৪ বছর। সে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নগর কুমারী এলাকার বাসিন্দা শেখ মোমিনুল ইসলাম (শলু)-এর ছেলে। সিয়াম বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বোদার সুমন সুজন কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার কথা ছিল সিয়ামের। কিন্তু কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি সে। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। ওই দিন মধ্যরাতেই সিয়ামের বাবা শেখ মোমিনুল ইসলাম বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু নিখোঁজের কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।
সোমবারের কর্মসূচিতে সিয়ামের সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে সড়কের দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ‘সিয়ামকে ফিরিয়ে দাও’, ‘সিয়াম কোথায়, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। তাদের কণ্ঠে ছিল বন্ধুকে ফিরে পাওয়ার আকুতি, চোখেমুখে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা।
মানববন্ধনে অংশ নেন সিয়ামের মা-বাবা, স্বজন, সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী, সুধীজনসহ বোদার সর্বস্তরের মানুষ। সবার একটাই দাবি, আর কোনো অপেক্ষা নয়, দ্রুত সিয়ামের সন্ধান চাই।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বোদা মেডিকেলের সামনে বোদা-পঞ্চগড় মহাসড়কে প্রথম দফায় মানববন্ধন করেন সিয়ামের পরিবার-পরিজন, এলাকাবাসী, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। ওই কর্মসূচি থেকে প্রশাসনকে সোমবার বেলা ১১টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সিয়ামের সন্ধান নিশ্চিত করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সোমবার আবারও রাজপথে নামেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল ইসলাম, বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ সিয়ামের সহপাঠীরা।
বক্তারা বলেন, একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার পরিবার যে অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সিয়ামকে উদ্ধারে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একটি পরিবারকে এভাবে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়ার সুযোগ নেই।
বক্তব্যে দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, সিয়ামকে খুঁজে পেতে পারিবারিকভাবে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।
এ সময় সিয়ামের মা-বাবা তাঁদের বুকের ধনকে দ্রুত খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সবার কাছে আকুল আবেদন জানান। তাঁদের সেই আবেদনজুড়ে ছিল একটিই আকাঙ্ক্ষা, সন্তান যেন আবারও ফিরে আসে ঘরের চেনা উঠোনে, মায়ের বুকে, বাবার স্নেহের ছায়ায়।
মানববন্ধনে উপস্থিত বোদা থানার তদন্ত কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সিয়ামের সন্ধানে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের উভয় পাশে প্রায়…



























