সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ১৬ নভেম্বর ২০২৬

দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় পাঁচটি নৌপথ ঘোষণা, একাধিক বিধিনিষেধ

দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় পাঁচটি নৌপথ ঘোষণা, একাধিক বিধিনিষেধ
ছবিঃ প্রতিনিধি

সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ ঘোষণা করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এবার একাধিক বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে যেতে হবে। এ সময় নিরাপত্তায় বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল ও নজরদারিতে নিয়োজিত থাকবেন।

নির্ধারিত পাঁচটি নৌপথ

বন বিভাগের ঘোষণা অনুযায়ী, তীর্থযাত্রীদের জন্য নির্ধারিত নৌপথগুলো হলো—

  • বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
  • কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।
  • নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।
  • ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
  • বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।

চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি রাজস্ব পরিশোধের পর অনুমতিপত্র দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে।

তিনি জানান, প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্ধারিত নৌপথ উল্লেখ করা হবে। তীর্থযাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি পথ ব্যবহার করতে পারবেন। আগামী ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত পথে নৌযান চলাচল করতে পারবে শুধু দিনের বেলায়। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখা বাধ্যতামূলক।

বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জলযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং যাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। বনের ভেতরে অবস্থানকালে সেটি সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র, প্লাস্টিক ও শব্দদূষণে নিষেধাজ্ঞা

নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে প্রবেশের সময় বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত কিংবা অন্য কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন নিষিদ্ধ করেছে বন বিভাগ। একই সঙ্গে লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণমূলক কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ আসন্ন রাসপূর্ণিমা উপলক্ষে আগত সব তীর্থযাত্রীকে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহ এবং ঘোষিত নৌপথ ও বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়