মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১৬ নভেম্বর ২০২৬

নামজারিতে ঘুস নেওয়ার অভিযোগ, ডামুড্যায় দুদকের অভিযান

নামজারিতে ঘুস নেওয়ার অভিযোগ, ডামুড্যায় দুদকের অভিযান
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারির জন্য ঘুস গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ঘুস গ্রহণ এবং পরে টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, অভিযানকালে ভুক্তভোগী সেবাগ্রহীতা, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনাকারী দল। একপর্যায়ে ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

ভুক্তভোগী মো. আওলাদ হোসেনের অভিযোগ, জমি কেনার পর নামজারির জন্য আবেদন করে চার মাস ধরে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে ঘুরতে হয়েছে তাঁকে। পরে এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা নেন ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।

বিষয়টি জানাজানি হলে ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা আওলাদ হোসেনকে ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন ওই কর্মকর্তা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন জানান, অভিযানকালে ঘুস গ্রহণ এবং পরবর্তী সময়ে তা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর সুপারিশ করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়