বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ড. মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।

এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জনপ্রিয়