শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ৬ নভেম্বর ২০২৬

কাঁচা মরিচ-পেঁয়াজের দামে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি

কাঁচা মরিচ-পেঁয়াজের দামে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলেও কয়েকটির দাম বেড়েছে। বিশেষ করে কাঁচা মরিচ, পেঁয়াজ ও বেগুনের দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের বাজারে চড়া দাম অব্যাহত থাকায় সেই স্বস্তি খুব বেশি স্থায়ী হচ্ছে না।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দামে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকায়। গত সপ্তাহে একই আদা ১২৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছিল। ফলে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়েছে পণ্যটির দাম।

অন্যদিকে কাঁচা মরিচের বাজারে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত কমেছে দাম।

দেশি পেঁয়াজ ও বেগুনের দামও নিম্নমুখী। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুনের দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা।

তবে চাল ও সয়াবিন তেলের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। রাজধানীর বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ থেকে ২০০ টাকায়।

সবজি ও অন্যান্য নিত্যপণ্যের কয়েকটির দাম কমলেও মাছ কিনতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৬০ টাকা, চাষের কই ২২০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০ টাকা, মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি আকারের পাবদা মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই ও কাতলা মাছের দামও বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাতলার দাম কোথাও কোথাও ৬৫০ টাকা পর্যন্ত উঠেছে।

চিংড়ি কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতি কেজি চাষের চিংড়ি বিক্রি হচ্ছে প্রায় ৯০০ টাকায়। আর বড় আকারের গলদা চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে ছোট আকারের ইলিশ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি আকারের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং বড় আকারের ইলিশ প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ ও বেগুনের দাম কমায় কিছুটা স্বস্তি পেলেও মাছের বাজারের চড়া দাম সেই স্বস্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজধানীর বাজারে নিত্যপণ্য কিনতে গিয়ে এখনো বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়