নাহিদ ইসলাম
ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি ডিসেম্বরে নিজেদের সঙ্গে জনগণকেও মাঠে থাকার আহ্বান জানান।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে এমন প্রচারণা দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা।” গত আট মাসে মামলার বিচারে আপস ও বিভিন্ন স্থানে মামলা বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার জনগণের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে।
এ ছাড়া সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ অনেককে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ তোলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু। প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এ ছাড়া জেলা সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ চার জেলার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক অগ্রগতি ও আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।



























