শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ৬ নভেম্বর ২০২৬

সোনাতলায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

সোনাতলায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের একটি পিকআপ ভ্যান।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করতে যায় সোনাতলা থানা পুলিশের একটি দল।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে অভিযান চালান। এ সময় তারা সুমনকে আটক করে পিকআপে তোলার চেষ্টা করলে স্থানীয় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে আটক সুমনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়