হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছাল ১ হাজার ১৭১ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে চারজন মারা গেছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে।
এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জন। অন্যদিকে একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।
সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৫২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর সিলেটে ২০৪, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুরে ১৮ জন প্রাণ হারিয়েছে।



























