কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
কক্সবাজারে সিনেমা স্টাইলে চলন্ত গাড়ি থামিয়ে মাহমুদুল হক নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে সদরের খরুলিয়া রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হক (৪৫) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড বিসিক এলাকার আশরাফুজ্জামানের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বাস করতেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে আহত ব্যবসায়ী সাংবাদিকদের জানান, দুপুরে তিনি নোয়া গাড়িতে করে রামু যাচ্ছিলেন। পথে খরুলিয়ায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে ছয় ব্যক্তি তার গাড়ির সামনে গিয়ে ফিল্মি স্টাইলে ব্যারিকেড দেয়। বিষয়টি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। এতে পেটে, কোমরেসহ বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি শরীরের ভেতরে থেকে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, লিংকরোডের বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে জমি সংক্রান্ত তার দীর্ঘদিনের বিরোধ চলছে। ৫ আগস্টের পর তারা এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। বিএনপি নেতা লিয়াকতের ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াজেদ আলী এবং তাদের সহযোগী নাসেরসহ ছয়জন তার ওপর হামলা চালান।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদ প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে এ ঘটনায় দুটি মামলা হয়। ওই মামলায় বিএনপি নেতা লিয়াকত কারাগারে যান।
অভিযোগের বিষয়ে জানতে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এক নারী রিসিভ করেন। নিজেকে লিয়াকতের বউ জেসমিন আকতার দাবি করে তিনি বলেন, তার স্বামী লিয়াকত মেম্বার আদালতে গুলিবর্ষণ ঘটনায় পুলিশের মামলায় কারাগারে রয়েছেন।
তিনি মাহমুদুল হকের ঘটনাটি অভিনয় উল্লেখ করে বলেন, মাহমুদুল হক তার স্বামী লিয়াকতের বাবার চাচাতো ভাই। পারিবারিক দ্বন্দ্বের কারণে মাহমুদুল হকরা দীর্ঘদিন ধরে লিয়াকতকে হত্যার চেষ্টা চালাচ্ছেন।



























