ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে তেজগাঁও কলেজ’র শিক্ষার্থীদের বাজিমাত
স্বপ্ন আর দায়িত্বের দ্বন্দ্বে আটকে পড়া এক সাধারণ মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ (The Obscure Mirror) ভারতের তিনটি চলচ্চিত্র উৎসবে মোট ২৮টি পুরস্কার অর্জন করেছে।
জানা গেছে, চলচ্চিত্রটি ভারতের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ১২তম ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল-এ বিভিন্ন বিভাগে পুরস্কার লাভ করে। এ সাফল্যের মাধ্যমে চলচ্চিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
‘ধুলোমাখা আয়না’ মূলত এমন এক সাধারণ মানুষের গল্প, যিনি নিজের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা এবং পারিবারিক ও সামাজিক দায়িত্বের টানাপোড়েনের মধ্যে প্রতিনিয়ত সংগ্রাম করেন। মানবিক অনুভূতি, বাস্তব জীবনের সংকট এবং আত্মঅন্বেষণের বিষয়গুলো চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে।
নির্মাতা ও সংশ্লিষ্টরা জানান, সীমিত বাজেট এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের এই অর্জন দেশের তরুণ নির্মাতাদের সৃজনশীলতা ও সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ধুলোমাখা আয়না’র এই সাফল্য বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।



























