কুবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও চড়ুইভাতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে নবীন বরণ, চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নীলকুঞ্জ রিসোর্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান শৈকতসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় বিনিময় করা হয়। পরে ২০তম আবর্তনের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন, দীর্ঘদিন পর এমন একটি আয়োজন দেখে ভালো লাগছে। নরসিংদী থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের শুরুতে আবাসন, র্যাগিং ও টিউশনিসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব ক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান শৈকত বলেন, চার বছর পর নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে এমন একটি উৎসবমুখর আয়োজন করার পরিকল্পনা ছিল, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বলেন, জেলা অ্যাসোসিয়েশন ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারী ও অংশগ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান।



























