সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬

খুকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

খুকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
ছবিঃ প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ‘ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস’-এর শিক্ষার্থীরা তাদের পেশাগত স্বকীয়তা, অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের লক্ষ্যে ৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ক্ষোভ ও অসন্তোষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, সম্প্রতি (১৬ সেপ্টেম্বর ২০২৬) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক চিঠিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘লাইভস্টক এক্সটেনশন অফিসার’ পদ সৃজনে অসম্মতি জ্ঞাপন করা হয়েছে। যেখানে উপজেলায় ক্যাডার পদ বিদ্যমান থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত ভেটেরিনারি চিকিৎসকদের ক্যারিয়ার ও সেবার মানকে বাধাগ্রস্ত করবে বলে শিক্ষার্থীরা মনে করছেন।

শিক্ষার্থীদের ৩টি প্রধান দাবি হলো যথাক্রমে - ১. সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে, ২. ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের কোনো সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না, ৩. প্রতিটি উপজেলায় ৪ জন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ অতি দ্রুত কার্যকর করতে হবে।

মানববন্ধনে দাবি আদায়ের পক্ষে বক্তব্য দিয়ে সোহেল, আসিফ, ইশতিয়াকসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি পেশার পেশাগত মর্যাদা ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি ও নতুন পদ সৃজনে অসম্মতির কারণে দেশের যোগ্য ভেটেরিনারি গ্র্যাজুয়েটরা বঞ্চিত হচ্ছেন। অতি দ্রুত তাদের যৌক্তিক ৩ দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা।

জনপ্রিয়