সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়ও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের নিশ্চায়ন বাতিল না করায় এবং ভর্তি কার্যক্রম শেষ না করায় জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

যেসব শিক্ষার্থী এখনো আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি অথবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি—তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন। একই সঙ্গে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।

সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে। আবেদন করা যাবে ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর সোমবার রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল ৯ অক্টোবর শুক্রবার রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ১১ অক্টোবর রোববার থেকে ১৩ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে বলা হয়েছে।

ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচিত কলেজে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়