রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘ঢাবির কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মানব না’

‘ঢাবির কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মানব না’
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো শিক্ষক কিংবা সিন্ডিকেটের সম্পৃক্ততা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও বিভিন্ন ধরনের বঞ্চনা থেকে মুক্তির দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। অথচ নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তাদের ভাষ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘লাল কার্ড’ দেখিয়েছে। এরপরও ঢাবি থেকেই উপাচার্য নিয়োগ দেওয়াকে তারা আগের ব্যবস্থার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পরিবারের কাউকে যদি ক্ষমতায় বসানো হতো, তাহলে দেশবাসী সেটি মেনে নিত না। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে বের হয়ে আবার সেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে তারা মেনে নেবেন না।

তারা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ম্যান্ডেটের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি নতুন ধারার বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আন্দোলন ও রাজপথের ত্যাগের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের রাজপথ থেকে শুরু করে পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ে যেতে হয়েছে।

এ অবস্থায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আসতে হবে—এমন কোনো নিয়ম শিক্ষার্থীরা মানবেন না বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে না রাখা, সদ্য নিয়োগ পাওয়া উপাচার্যের বক্তব্য প্রত্যাহার এবং আগামী দুই কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করা।

এ ছাড়া আটকে থাকা পরীক্ষার রুটিন দ্রুত প্রকাশ ও ফলাফল দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার পদ্ধতি চালুর দাবি জানান তারা।

প্রশাসনিক হয়রানি এড়াতে বর্তমান সাতটি ক্যাম্পাসের বাইরে কোথাও প্রশাসনিক কার্যক্রম না সরিয়ে এসব ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন ও টিএসসি স্থাপনের দাবিও জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে ‘সংযুক্তি’ শব্দটি স্থায়ীভাবে বাদ দেওয়ার দাবি তুলে ধরেন তারা।

উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়