সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় রুজুকা বেগম ও তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশুকন্যা ইয়ামনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মহাসড়কে মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে ইয়ামনিও মারা যায়।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তিনি তার মেয়ে ইয়ামনিকে নিয়ে গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়