শাবিপ্রবিতে কমিটি চেয়ে ছাত্রলীগের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে আবারও শাহপরাণ হলের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ লীগ করিস না, লীগ ফিরে আসবে না’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও কার্যক্রম চালানোর চেষ্টা করছে। আবাসিক হলের কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ সেই প্রচেষ্টার অংশ।
তিনি বলেন, শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদল অবস্থানকালে ছাত্রলীগের মতো সংগঠনের কোনো কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না। ছাত্রলীগ বা তাদের সহযোগীদের যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।
সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























