বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ২৮ অক্টোবর ২০২৬

ইবিতে ইসলামের ইতিহাস বিভাগের এম এ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইবিতে ইসলামের ইতিহাস বিভাগের এম এ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় বিভাগের আয়োজনে এ বিদায় অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ কিংবা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেওয়াই শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাসমূহ সরেজমিনে পরিদর্শন, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান সময়ে এ ধরনের ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় সম্পর্কের মধ্য দিয়েই বিভাগের ভিত্তি গড়ে উঠেছে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মূল্যবোধ ধারণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও যোগ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গঠনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে।

এ সময় বিভাগকে দেশ-বিদেশের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা এবং অ্যালামনাইদের বিভাগের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

সর্বশেষ

জনপ্রিয়