ঢাকা কলেজে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সংগঠনের কলেজ শাখা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী। এছাড়া কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদের আগামী দিনের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।
এসময় শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন সংগঠনটির নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের উদ্দেশে সাইমুন ইসলাম সানি বলেন, “এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছো। তবে এটিই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে আরও বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার পথ অপেক্ষা করছে। উচ্চশিক্ষার জন্য বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
তার মতে, শুধু ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই একজন শিক্ষার্থীর একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। যে বিষয়েই পড়াশোনার সুযোগ আসুক, সেখানে মনোযোগ দিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা করাও জরুরি। শিক্ষার্থীরা যেন সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তোলেন, সেই প্রত্যাশা করেন তিনি।



























