রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১ নভেম্বর ২০২৬

বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ

বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ
ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ঘটনায় অন্তত ২৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।

শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসেই বিক্ষোভ করেন প্রায় ৭০ হাজার মানুষ বলে জানিয়েছে পুলিশ।

টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আগামী কয়েক দিনের মধ্যে দেশটিতে সাধারণ ধর্মঘটের প্রস্তুতি চলার মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়া এবং সরকারি সেবার মান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

এর আগে দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত বিক্ষোভে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই ধরনের পরিস্থিতি এড়াতে এবার আগে থেকেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা জোরদার করা হলেও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

ফ্রান্সের গণ্ডি পেরিয়ে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের মধ্যে রাজপথে নেমে প্রতিবাদ জানানোর প্রবণতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়