জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভেতরে বৃষ্টির মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিজোয়ানকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
আটকের পর নেতাকর্মীরা তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে বিক্ষোভ মিছিল করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।



























