রাজবাড়ীতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মশাল মিছিল
রাজবাড়ীতে শেখ হাসিনার ‘প্রত্যাবর্তনকে স্বাগত’ ও ‘লকডাউন’ সফল করার আহ্বানে একটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মশাল মিছিলের ভিডিওটি ভাইরাল হয়।
এসময় মশাল হাতে মিছিলকারীদের বলতে শোনা যায়—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ১০ তারিখের হরতাল, সফল হোক সফল হোক। হক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।”
কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক তার ফেসবুক আইডিতে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ পোস্ট দিয়ে মশাল মিছিলের ওই ভিডিও আপলোড করেন।
ভিডিওটির নিচে লিখেছেন—“জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের পক্ষ থেকে রাজবাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্বাগত মিছিল।” নূরে আলম সিদ্দিকী হকের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীতে।
এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, “মশাল মিছিলের একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কোথায় হয়েছে সেটি জানা যায়নি।”
তিনি আরও বলেন, “নূরে আলম সিদ্দিকী হকের বাড়ি কালুখালীতে। ওই এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।”



























