সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ৯ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
ছবিঃ সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তাঁর প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)।

রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় তিনি এ অভিযোগ করেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাঁদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুস্তম হাওলাদার মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা।

অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে গালাগাল ও হুমকি দেওয়ার পর মারধর করা হয়। এ সময় তাঁর ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাঁর ব্যবহৃত প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।

ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, বিএনপি নেতা মাহবুব মোল্লা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করান এবং মোটরসাইকেল নিয়ে যান। অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রুস্তম।

তবে বিএনপি নেতা মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পান এবং ওই সড়কের নির্মাণকাজে অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।

পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া আইনসম্মত কি না, জানতে চাইলে মাহবুব মোল্লা বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়