বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৩, ১২ নভেম্বর ২০২৬

রাবিপ্রবির ফরেস্ট্রি বিভাগের নতুন চেয়ারম্যান ড. আবু তালেব

রাবিপ্রবির ফরেস্ট্রি বিভাগের নতুন চেয়ারম্যান ড. আবু তালেব
ছবিঃ প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী তাকে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব গ্রহণের জন্য তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। এ ছাড়া বিভাগে কোনো নিয়মিত অধ্যাপক নিয়োগপ্রাপ্ত হলে তাদের মধ্য থেকে জ্যেষ্ঠ শিক্ষক বিধি অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

চেয়ারম্যান পদপ্রাপ্তির পর তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন,“চেয়ারম্যান একটি পদমাত্র, শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে আমরা একটি পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের বিভাগকে এগিয়ে নিতে চাই। এ ক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য থাকবে বিভাগের ল্যাবগুলোর উন্নয়ন ও সেগুলো কার্যকরভাবে চালু করা, শ্রেণিকক্ষের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা এবং চাকরির ক্ষেত্রে তাদের সহযোগিতা করা।”

ড. মোঃ আবু তালেব ২০২৫ সালের ১ জুলাই রাবিপ্রবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। একই বছরের ৮ জুলাই থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড/সিন্ডিকেট সদস্য এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২০১১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

জনপ্রিয়