বসন্তের সাজে বুবলী
ঋতুরাজ বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবস—দুটি আনন্দের উপলক্ষ একসঙ্গে মিলেছে আজ। প্রকৃতির এই রঙিন সময়ে নিজেকেও উৎসবের আবেশে মেলে ধরেছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবাসা আর বসন্তকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ শুভেচ্ছা ও নতুন কিছু ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক মাধ্যমে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনী সাজে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে বসন্তের প্রতীকী সৌন্দর্য গাঁদা ফুল হাতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।
ছবিতে আরও নজর কাড়ে তার পোশাক। বসন্তের চিরচেনা হলুদ-সাদা রঙের কম্বিনেশনের একটি বাহারি শাড়িতে সেজেছেন তিনি। সঙ্গে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত ও উজ্জ্বল দেখাচ্ছিল। ছবির ক্যাপশনে বুবলী লেখেন,
“বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।”
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
পোস্ট দেওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত এতে প্রতিক্রিয়া জানান। মন্তব্যের ঘরে অনেকেই তাকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ একটি পডকাস্ট প্রচারিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই, শাকিব খান-এর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক না বলা কথাও শেয়ার করবেন বলে জানা গেছে।



























