মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী
ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামীর প্রচারণা নিয়ে এবার আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান—এমনই দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। কার্ডটি ছড়িয়েছে খুব দ্রুত, আর তাতে বলা হচ্ছে শাকিব খান নাকি জামায়াতের পক্ষে ভোট চাইছেন।

তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম নকল করে বানানো ওই ফটোকার্ডের সঙ্গে একটি গানের লিংক জুড়ে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করলেই দেখা যায় একটি ভিডিও—যেটি অনেককে বিভ্রান্ত করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান, সামনে জনসমুদ্র। ভিডিওটির শিরোনামে লেখা, ‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’। এই দৃশ্য দেখে অনেকেই ভিডিওটিকে সত্যি ধরে নিয়েছেন।

কিন্তু যাচাই করে জানা গেছে, পুরো ঘটনাটিই ভুয়া। অভিযোগ রয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ওই গান ও ভিডিও তৈরি করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে একটি চক্র এমন ফেক ভিডিও বানিয়ে ছড়াচ্ছে বলেও দাবি করা হচ্ছে।

এ ধরনের ভুয়া প্রচারণায় শাকিব খান বিব্রত, এমনটাই জানা গেছে। তবে এ বিষয়ে এখনও তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, একই ধাঁচের অপপ্রচারের শিকার হয়েছেন শাকিব খানের নায়িকা সাবিলা নূরও। দুই দিন আগে তার নামেও একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে তাকেও চলতি ভোটের মাঠে জামায়াতের পক্ষে প্রচারণায় যুক্ত দেখানোর চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সাবিলা নূর প্রতিক্রিয়ায় সবাইকে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।

সর্বশেষ