বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছে বাউল শিল্পী মুক্তা সরকার।
ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমরা গভীরভাবে শোকাহত। আহা সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে একসঙ্গে কত গান, কত কথা, সবই এখন স্মৃতি হয়ে গেল। ওপারে ভালো থাকবেন, শ্রদ্ধেয় গুণী শিল্পী।
প্রসঙ্গত, নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী।
বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন বালক সুনীল। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর করে কণ্ঠ দিয়েছেন তিনি।
এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়-প্রায় দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।



























