মাঝেমধ্যে বিরতি দরকার হয় : মাহি
চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতিতে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের টানা শুটিং আর ব্যস্ত সময়সূচির মধ্যেই হঠাৎ অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় মাহি। সেখানে কখনো শুটিংয়ের মুহূর্ত, কখনো ব্যক্তিগত অনুভূতির কথা ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার তার শেয়ার করা বার্তাটি ছিল ভিন্ন—আনন্দের নয়, বরং কিছুটা মনখারাপের। মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।
এক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’
হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হলেও মাহি স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনো স্থায়ী বিদায় নয়। তিনি আরও লিখেছেন, ‘তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।’
মাহির এই পোস্টের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর শুভকামনার ঢল নেমেছে। কেউ লিখেছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্য বিরতি নেওয়া জরুরি। আবার কেউ দ্রুত তাকে পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বিরতির প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি এই অভিনেত্রী।
সব মিলিয়ে, সাময়িক বিরতির ঘোষণায় ভক্তদের মনে তৈরি হয়েছে মিশ্র অনুভূতি—একদিকে উদ্বেগ, অন্যদিকে প্রিয় অভিনেত্রীর সুস্থতা ও মানসিক শান্তির প্রত্যাশা। এখন অপেক্ষা, কবে আবার নতুন রূপে ছোট পর্দায় ফিরবেন সামিরা খান মাহি।



























