সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

‘ভয় যেন এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়’

‘ভয় যেন এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়’
ছবি: সংগৃহীত

নাচের ছন্দে পর্দা কাঁপানো পারফরম্যান্স—বলিউডে এমন অভিনেত্রী খুব কমই আছেন, যাদের উপস্থিতিতেই গান আলাদা মাত্রা পায়। সেই তালিকার সামনেই এখন জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমা থেকে উঠে আসা জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’ ছবির ‘গফুর’ গানে তার প্রাণবন্ত নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগেও আজ কি রাত কিংবা (কাবালা)-র মতো গানে তামান্নার নৃত্যভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে। এসব গানের সাফল্যের কারণেই অনেকেই তাকে এখন বলিউডের ‘আইটেম গানের অঘোষিত রানি’ হিসেবে মানছেন।

তবে তামান্না কেবল নাচের মধ্যেই সীমাবদ্ধ নন। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডের লাস্ট স্টোরিজ–২ ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। বিশেষ করে ওই ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পর্দার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তামান্নার দাবি, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে খুব বেশি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। অভিনেত্রী বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই বললেই চলে। যা করেছি, তা খুবই সামান্য।’

এটা কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ইচ্ছাকৃতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তার মতে, বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কনটেন্ট সহজেই দেখতে পান। তাই কোন দৃশ্যে অভিনয় করবেন আর কোনটি এড়িয়ে যাবেন—তা ভেবেচিন্তেই ঠিক করা প্রয়োজন।

তামান্না আরও বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’

তবে গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে তিনি চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখেন। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বদলাচ্ছে—এই পরিবর্তনকেও ইতিবাচক হিসেবে গ্রহণ করছেন তিনি।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নাচের জন্য তামান্নার পারিশ্রমিক এখন আকাশছোঁয়া। গত বছরের শেষদিকে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নাচের জন্য তিনি নিয়েছিলেন ৬ কোটি টাকা।