ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিতে কমল তেলের দাম
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক তেলবাজারে ছিল ব্যাপক অস্থিরতা।
এর আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেল-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ-এর পর এই প্রথম এত উচ্চ পর্যায়ে পৌঁছায় তেলের দাম।
তেলের দামের এই উল্লম্ফনের প্রভাব পড়ে বিশ্ব শেয়ারবাজারেও। এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট-ও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।
পরে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।
তার এই মন্তব্যের পর তেলের বাজারে দ্রুত পরিবর্তন দেখা যায়। সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান



























