ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করছে সুইজারল্যান্ড। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বিবেচনায় গত ৩ মার্চ চারজন সুইস কূটনীতিক ইরান ত্যাগ করেন।
পরবর্তীতে, বুধবার (১১ মার্চ) দূতাবাসের প্রধান অলিভিয়ার ব্যাঙ্গার্টারসহ বাকি পাঁচজন কর্মী স্থলপথে দেশ ত্যাগ করেন। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় তেহরানে ফিরে আসবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইজারল্যান্ড মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ চালিয়ে যাবে এবং এই বিষয় নিয়ে দুই দেশের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখবে।
দূতাবাস সাময়িকভাবে বন্ধ হওয়া এবং সুইস কর্মীদের ইরান ত্যাগের বিষয়ে দু’দেশকেই অবহিত করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজনে ভবিষ্যতেও বার্তা আদান-প্রদানে সুইজারল্যান্ড সহায়তার জন্য প্রস্তুত থাকবে।



























