হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে ইরান—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দাবি, ইতোমধ্যে কয়েক ডজন মাইন বসানো হয়েছে, যা ওই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক দিনে ইরানি বাহিনী প্রণালীর বিভিন্ন অংশে সীমিত সংখ্যক মাইন স্থাপন করেছে। এর আগে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছিলেন, ইরান এমন প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন তথ্য অনুযায়ী, সেই প্রস্তুতি এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
সংবাদমাধ্যম সিএনএনকে এ বিষয়ে দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত অল্পসংখ্যক মাইন বসানো হলেও ইরানের সক্ষমতা এর চেয়ে অনেক বেশি। তাদের ছোট জাহাজ ও মাইন স্থাপনের সরঞ্জামের প্রায় ৮০ শতাংশ এখনও ব্যবহার করা হয়নি।
ফলে চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো হরমুজ প্রণালীজুড়ে হাজার হাজার মাইন ছড়িয়ে দিতে পারে তেহরান। এতে করে বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক রুট কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রণালীর গুরুত্বপূর্ণ অংশে ইরানের নৌবাহিনীর পাশাপাশি নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডের হাতেও। তাদের কাছে এমন অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে অল্প সময়েই বিস্তীর্ণ এলাকায় মাইন স্থাপন করা সম্ভব। এছাড়া বিস্ফোরক বোঝাই ছোট নৌকা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে তাদের।
গত সপ্তাহে এক হুঁশিয়ারিতে ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
এদিকে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে প্রায় প্রতিদিনই সহায়তা চাইছেন জাহাজ চলাচল সংশ্লিষ্টরা। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি সূত্র জানায়, তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু নৌবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি কমে না আসা পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা সহায়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।



























