শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৩ মার্চ ২০২৬

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা: অভিযোগ ভারতের

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা: অভিযোগ ভারতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ১৮ মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার অভিযোগ উঠেছে বলে দাবি করেছে ভারত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মানবাধিকার সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ তথ্য উপস্থাপন করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এসব ঘটনার কোনো বিস্তারিত তালিকা বা নির্দিষ্ট পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো ভারত সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের জীবন, নিরাপত্তা ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা নিশ্চিত করতে ভারতীয় মিশনগুলো সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। এ জন্য ২৪ ঘণ্টা চালু জরুরি হেল্পলাইনও রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। ওই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ নিয়মিতভাবে তুলে আসছে ভারত সরকার।

তবে সে সময় দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ

জনপ্রিয়