রোববার ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২২ মার্চ ২০২৬

সুদানে হাসপাতালে হামলা: ১৩ শিশুসহ নিহত ৬৪

সুদানে হাসপাতালে হামলা: ১৩ শিশুসহ নিহত ৬৪
ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক।

শনিবার (২১ মার্চ) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুরের রাজধানী আল ডেইন-এর ‘আল ডেইন টিচিং হাসপাতাল’-এ এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নিহতদের মধ্যে কয়েকজন রোগী, দুই নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক রয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজন স্বাস্থ্যকর্মী।

হামলার ফলে হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে এবং শহরটিতে জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে।

ডব্লিউএইচও প্রধান জানান, সুদানে চলমান সংঘাতে স্বাস্থ্যকেন্দ্রগুলোও বারবার হামলার শিকার হচ্ছে। এখন পর্যন্ত ২১৩টি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ২ হাজার ৩৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

তবে এই হামলার জন্য দায়ীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছে। বিশেষ করে দারফুর অঞ্চলে আরএসএফ-এর বিরুদ্ধে এমন নৃশংসতার অভিযোগ রয়েছে, যাকে জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘গণহত্যার আলামত’ হিসেবে উল্লেখ করেছেন।

এ পরিস্থিতিতে টেড্রোস আধানম গেব্রিয়েসুস যুদ্ধ বন্ধ করে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা